আইনজীবীদের সাক্ষাত : রিভিউ করতে বললেন মুজাহিদ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ অক্টোবর ২০১৫, ০৫:৩৩ পিএম


আইনজীবীদের সাক্ষাত : রিভিউ করতে বললেন মুজাহিদ

ছবি-সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার আইনজীবীদের বলেছেন, আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন করতে।

আজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আইনজীবী শিশির মনির তার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের আরও বলেন, রিভিউ আবেদন প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

মুজাহিদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা আলোচনায় শিশির মনিরের সঙ্গে ছিলেন নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান ও গাজী তামিম। আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করতে মুজাহিদের হাতে ১৫ দিন সময় আছে।

আপিল বিভাগ গত বুধবার মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় প্রকাশ করে। ওইদিনই তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়।

ট্রাইব্যুনাল বৃহস্পতিবার দুই ফাঁসির আসামির দণ্ড কার্যকরের জন্য মৃত্যু পরোয়ানা জারি করে এবং তা কারা কর্তৃপক্ষের হাতে পাঠিয়ে দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদকে এবং কাশিমপুর কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায় এবং শুরু হয় রায় কার্যকরের প্রক্রিয়া।

রিভিউ খারিজ হয়ে গেলে সেই রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হবে এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আসামিদের ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।

Ads