বিদেশিদের হত্যায় বিএনপি-জামায়াতের মদদ আছে : প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর ২০১৫, ০৭:৪১ পিএম
প্রতিদিনের চিত্র :: দুই বিদেশি নাগরিক হত্যায় নিশ্চয়ই বিএনপি-জামায়াতের মদদ আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিদ্যুত ও জ্বালানি সমস্যার সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের দিক দিয়ে সফলতা অর্জন করেছি। গ্রামীণ অর্থনীতি ও শহর অর্থনীতির সমতাও আমরা অনেকখানি নিশ্চিত করতে পেরেছি। জাতিসংঘের অধিবেশনে এসব ভূমিকার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতিসংঘের সফর পরবর্তী আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার সকালে তিনি এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়।
নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিস্তার পানি বণ্টন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, এবারের (২০১৫) অধিবেশন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এর ধারাবাহিকতায় এবারের অধিবেশনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) গৃহীত হয়েছে। ১৭টি আশু উন্নয়নের লক্ষ্য সুনির্দিষ্ট করে ১৬৯টি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এমডিজি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন বার বার উঠে এসেছে এবারের অধিবেশনে। আর এসডিজি গ্রহণে কার্যকর ভূমিকা পালন করেছে বাংলাদেশ।



































