নিরাপত্তা হীনতায় সাধারণ মানুষ, সরকার ব্যর্থ : এরশাদ
০৫ অক্টোবর ২০১৫, ০৮:৫৯ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: আওয়ামীলীগ সরকারের বর্তমান সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উল্লেখ করে মায়ের পেটেও শিশু নিরাপদ নয় বলে দাবি করেছেন বর্তমান প্রধান বিরোধী দল, ক্ষমতাসীন মহাজোটের শরীক, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ (সোমবার) বেলা সোয়া এগারোটার দিকে বনানীস্থ জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ এ কথা বলেন।
নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না প্রশাসনের লোকজন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তিনি সুন্দরগঞ্জের এমপি লিটনের মাতাল অবস্থায় শিশু সৌরভকে গুলি করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, শুধু দেশের মানুষই নয় আজ বিদেশিরাও দেশে নিরাপদ নয়। নিরাপত্তার শঙ্কায় বিদেশি গার্মেন্টস ব্যবসায়ীরাও দেশে আসতে ভয় পাচ্ছে। দেশে চলছে সুশাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি।
সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, দেশের পরিস্থিতির উন্নয়নের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। এমনকি রাজপথেও নেমেছিলাম। কিন্তু সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেনি। সাংবিধানিক দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। দলীয় ছত্রছায়ার কারণে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না। প্রশাসনকে দলীয়মুক্ত করতে হবে। এরশাদ বলেন, মানুষের আজ জান মালের কোনো নিরাপত্তা নেই। এমনকি বিদেশিদের জান মালেরও কোনো নিরাপত্তা নেই। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে সারাদেশ থেকে।



































