বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের জামিন মঞ্জুর
০৫ অক্টোবর ২০১৫, ০৯:০৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: পল্টন থানায় দায়ের করা বিস্ফোরণ মামলায় আদালত জামিন মঞ্জুর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৩ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তিনি। এর আগে মামলাটি ওই আদালতে বদলী করা হয়। সোমবার ধার্য ছিল উক্ত মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন। শুনানি শেষে বিচারক মঞ্জুর কাদের মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে মামলার অভিযোগ গঠনের জন্য ২০১৬ সালের ১৭ জানুয়ারি দিন ধার্য করেন।
পল্টনের হোটেল ক্যাপিটালের সামনে ২০১২ সালের ৯ ডিসেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার এসআই আবু তাহের মামলাটি করেন। ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
































