সরকার সকল বাহিনীকে দিয়ে বিরোধী দলকে শেষ করতে চায় : বিএনপি
০৭ অক্টোবর ২০১৫, ০৩:২৭ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিরোধী দল দমনে সরকার তার সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করেছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিভিন্ন পর্যায়ে কাউন্সিল পুনর্গঠনের আগে দলীয় নেতা-কর্মীদের নতুন করে যে ধরপাকড় শুরু করেছে তার নিন্দা জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, বিদেশি নাগরিক হত্যার অজুহাতে সরকার সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। তারা বাংলাদেশের মাটিতে বিরোধী দলকে রাজনীতি করতে দিতে চায় না।
বিদেশি নাগরিকদের হত্যায় বিএনপি-জামায়াতকে জড়িয়ে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর মত দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আমরা এ ধরনের বক্তব্য কথনো আশা করি নি।
নজরুল ইসলাম আরো অভিযোগ করেন, বিদেশি নাগরিক হত্যায় বিএনপি নিন্দা জানিয়েছে। অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। অথচ হত্যা মামলার তদন্তের আগেই প্রধানমন্ত্রী এ ঘটনায় বিএনপির ওপর দায় চাপিয়ে বক্তব্য দিলেন। এতে মনে হচ্ছে, দেশে আইন ও বিচারের কোনো প্রয়োজন নেই। যাকে খুশি তাকে ধরে শাস্তি দিলেই হয়।
এ সময় সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।



































