হত্যাকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল আর নয় : প্রধানমন্ত্রী
০৭ অক্টোবর ২০১৫, ১১:৪৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সাম্প্রতিক ঘটে যাওয়া বিদেশি নাগরিকদের হত্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের হত্যা করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা যাবে না। বাংলাদেশের সকল নাগরিকদের হত্যাকারীদের ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে।
আজ (বুধবার) প্রধানমন্ত্রী শেথ হাসিনা ঢকার মিরপুর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানসহ দেশি-বিদেশী উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখে মনে হয় এটা কোন দূর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে কোনো এক মহল একের পর এক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। যখন আমরা কোনো অর্জন করি বা প্রশংসিত হই তখন এমন একটা ঘটনা ঘটানো হয় যাতে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।
তিনি বলেন, আজকে বাংলাদেশের অবস্থান আর্ন্তজাতিক পরিমণ্ডলে এমন জায়গায় দাঁড়িয়েছে এ ধরনের ঘটনা ঘটিয়ে কেউ বাংলাদেশকে কোন মহল অস্থিতিশীল করতে পারবে না বলে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিনিয়তই সন্ত্রাস, জঙ্গিবাদ সহ নানা ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হচ্ছে। আর এসব ষড়যন্ত্রের মোকাবেলা যদি আমাদের না করতে হতো তাহলে হয়তো আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারতাম।
প্রসঙ্গত, বিভিন্ন সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর ৬৮ জন কর্মকর্তার পরিবারের মাঝে ৭৪টি স্বয়ংসম্পূর্ণ ফ্ল্যাট হস্তান্তর এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



































