মনোনয়নপত্র বাতিল হল কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ অক্টোবর ২০১৫, ১২:৩২ এএম


মনোনয়নপত্র বাতিল হল কাদের সিদ্দিকী ও তার স্ত্রীর

প্রতিদিনের চিত্র ডেস্ক :: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী এবং তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীকে ঋণ খেলাপির অভিযোগে অভিযুক্ত করে উপ-নির্বাচনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

১০ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৪২৩ টাকা ঋণ খেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

টাঙ্গাইলের সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে গত রবিবার বিকাল পর্যন্ত আওয়ামী লীগ, কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে এ নির্বাচনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। আগামী ১০ নভেম্বর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে শওকত মোমেন শাজাহানের মৃত্যুতে শূন্য ঘোষিত টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনেও ঋণ খেলাপির অভিযোগে কাদের সিদ্দিকীর প্রার্থীতা বাতিল করা হয়েছিল।

কালিহাতী উপজেলার ১৩ ইউনিয়ন, কালিহাতী পৌরসভা এবং এলেঙ্গা পৌরসভা নিয়ে টাঙ্গাইল-৪ আসন গঠিত।

এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ জন, নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৪৭৩ জন। ভোট কেন্দ্র রয়েছে মোট ১০৭টি।

Ads