জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধান সম্ভব : মির্জা ফখরুল
১৪ অক্টোবর ২০১৫, ১১:৩৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বর্তমান দেশের সংকট সমাধানে জাতীয় ঐক্যের প্রয়োজন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধান সম্ভব! বাংলাদেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান। আর এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।
মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমানে যে কঠিন সময় চলছে তা কেবলমাত্র বিএনপির নয়, এটা ১৬ কোটি মানুষের। নির্যাতন ভোগ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সংগ্রাম এখনো অব্যাহত রয়েছে।
তিনি বলেন, সারা দেশে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, খুন হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। এই সংকটময় মুহুর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য অটুট রাখা। তাই জাতীয় ঐক্য সৃষ্টি করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার জনগণের সব অধিকার হরণ করেছে। খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করছি। আমরা সবাই অপেক্ষায় আছি। আশা করি সুস্থ হয়ে তিনি দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।
মির্জা ফখরুল আশাবাদ ব্যাক্ত করে বলেন, দেশে ফিরে খালেদা জিয়া সঠিক পথে নেতৃত্ব দেবেন।তার সঠিক নেতৃত্বের কারণেই বিজয় সুনিশ্চিত হবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান প্রমূখ ।



































