যেকোনো অশুভ তৎপরতা সম্পর্কে সতর্ক থাকুন : খালেদা
১৮ অক্টোবর ২০১৫, ১০:২৫ পিএম
নিজস্ব সংবাদদাতা :: আসন্ন দুর্গাপূজায় যেকোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে দলমত নির্বিশেষে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার সকালে লন্ডন সফরে থাকা সাবেক এই প্রধানমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এই আহ্বান জানান। তিনি আসন্ন দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।একই সঙ্গে তাদের সকলের জীবনের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশসহ উপমহাদেশের অন্যান্য বাংলাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই ধর্মীয় উৎসবটি অন্যদেশের ন্যায় সাড়ম্বরে পালিত হয় আমাদের বাংলাদেশেও। যেকোনো ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে।সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য।
বিএনপি চেয়ারপারসন বলেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে- হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে।আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি- এটাই হোক আমাদের বড় পরিচয়।



































