খোকার রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : বিএনপি
২১ অক্টোবর ২০১৫, ১২:৪৮ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: সাদেক হোসেন খোকার বিরুদ্ধে আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ডের রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি।
আজ মঙ্গলবার বিকালে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, খোকার বিরুদ্ধে এ রায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই তার বিরুদ্ধে এই চক্রান্ত করা হয়েছে। তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
তিনি বলেন, আইনের চোখে সাদেক হোসেন খোকা কখনো পলাতক ছিলেন না। উচ্চ আদালতের রায় নিয়ে চিকিৎসার জন্য বিদেশে গেছেন তিনি। আদালত তাকে যেতে যেমন অনুমতি দিয়েছেন, তেমনি দেশে আসতেও কোনো বাধা না নিতে নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, আমরা মনি করি সাদেক হোসেন খোকার বিরুদ্ধে বিচারের নামে প্রহসন করে যে দণ্ড দিয়েছেন তা আইন ও বিচারের ইতিহাসে বাজে নজির হিসেবে চিহ্নত হয়ে থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লা মিয়া, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।



































