জন্মাষ্টমীতে খালেদা জিয়ার শুভেচ্ছা
২৫ আগস্ট ২০১৬, ০৫:০৯ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, ‘শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি।’
বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল স্বাক্ষরিত বুধবার (২৪ আগস্ট) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসন।
বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে যুগে ধর্ম প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী।
হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।



































