বিএনপি সৈয়দ আশরাফের বক্তব্যকে স্বাগত জানিয়ে সংকট উত্তরণের আহ্বান

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৫ পিএম


বিএনপি সৈয়দ আশরাফের বক্তব্যকে স্বাগত জানিয়ে সংকট উত্তরণের আহ্বান

।। ঢাকা প্রতিবেদক ।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক ইনস্টিটিউশনকে বিতর্কমুক্ত রাখার আহ্বানকে স্বাগত জানিয়েছে বিএনপি। পাশাপাশি বর্তমান সংকটকে গুরুত্ব দিয়ে সরকার অবিলম্বে বিএনপি’র সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের উদ্যোগ নিবে বলে আশা করছে অনন্য বৃহত্তম এই দলটি।

বৃহস্পতিবার ২২সেপ্টে. দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারপারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

গণতন্ত্র পূন:প্রতিষ্ঠার জন্য আমরা সৈয়দ আশরাফ ও তাঁর নেত্রীকে সহযোগিতা করতে চাই। জঙ্গিবাদকে ঠেকানোর জন্য জাতীয় ঐক্য গঠনের জন্য আমরা আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চেয়েছি আমাদের নেত্রীও চেয়েছেন। এই আশা নিয়ে আমরা সৈয়দ আশরাফের দৃষ্টি আকর্ষণ করছি।’

বৃহস্পতিবার ২২ সেপ্টে. সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আশরাফুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক ইনস্টিটিউশনকে বিতর্কমুক্ত রাখতে হবে। আমরা যদি সকল প্রতিষ্ঠানকেই বিতর্কিত করি তাহলে গণতন্ত্র থাকবে না, আইন থাকবে না।’

শামসুজ্জামান দুদু বলেন স্বাধীন দেশে আমরা যদি হাইকোর্টকে বিতর্কিত করি, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সহ সরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহকে বিতর্কিত করি, তাহলে জনগন কোথায় যাবে? এইভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহকে বিতর্কিত করে চলি মানব সভ্যতা বিলিন হয়ে যাবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন মামলা প্রসঙ্গে তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিরোধীদল নিশ্চিহ্ন করার অপউদ্দেশ্য তড়িঘড়ি করে বিভিন্ন মামলায় বিএনপির মহাসচিবসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করেছে যা মানবতা বিরোধী। সরকারের এসব কর্মকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দূরভিসন্ধিমূলক বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বাড়ি ও জমি বাজেয়াপ্ত হয়েছে পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, এ মামলায় সাদেক হোসেন খোকার অনুপস্থিতে রায় দেওয়া হয়েছে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কালিমা লেপনের হীণউদ্দ্যেশেই এই রাজনৈতিক নগ্নতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে সরকার।

এ সময় দেশে পরিচালনায় ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারকে অবিলম্বের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার আহ্ববান জানান শামসুজ্জামান দুদু।

সংবাদ সম্মেলনে অন্যন্য যারা উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আবদুল আওয়াল খান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল আরো অনেকেই।

Ads