অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে পুলিশ : হান্নান শাহ
০৭ নভেম্বর ২০১৫, ০১:৪০ এএম
নিজস্ব প্রতিবেদক :: অপরাধীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে পুলিশ। আর দক্ষতা ও মনোবল হারানোর কারণে পুলিশ প্রায়ই হামলার শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, বর্তমানে পুলিশ বাহিনী দেশে অন্যায় কাজ ও চাঁদাবাজীতে লিপ্ত। পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলায় ব্যস্ত। আর সে কারণে তারা দক্ষতা হারিয়ে ফেলেছে।
তিনি বলেন, ২০০৮ সালে জাতীয় নির্বাচনের সময় পুলিশ বলেছিল দেখামাত্রই গুলি। এখন ডিএমপি কমিশনার বলছেন আক্রান্ত হলেই গুলি। বার বার তাদের বক্তব্য পরিবর্তন হবে কিন্তু কোনো কাজ হবে না।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরিন সংকট নিরসনে সরকারকে সংলাপে বসতে হবে। জাতীয় সংলাপ ছাড়া উত্তরনের কোন পথ নেই।
ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।



































