শেখ হাসিনা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন : রিজভী আহমেদ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৬, ১০:০২ পিএম


শেখ হাসিনা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন : রিজভী আহমেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনিবার্য গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কল্যাণ পার্টির ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, ভুটান কিংবা সিকিম নয়, এই দেশ বাংলাদেশ। তাই প্রধানমন্ত্রী শত চেষ্টা করেও ১৬ কোটি মানুষকে অন্যায়ভাবে দাবিয়ে রাখতে পারবে না। এমনকি অনুগত পুলিশ ও র‌্যাব দিয়েও গণতন্ত্রকামী মানুষের আন্দোলন দমন করা যাবে না। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবেই।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী আহেমেদ বলেন, আপনি দেশের অভিভাবক। কিন্তু আপনার মুখে বিরোধীদলের প্রধানদের বিরুদ্ধে এমন অশ্লীল বক্তব্য শুনে দেশবাসী বিস্মিত হয়েছে। ফলে দেশে গণতন্ত্র দূরে থাক কোনো ভদ্র লোক এদেশে বসবাস করাটা মুশকিল হয়ে যাবে। আপনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, সুষ্ঠু হবে না।

দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে রুহুল কবির বলেন, বাংলাদেশের গণতন্ত্র এখন গোরস্থানে অবস্থান করছে। নাগরিক স্বাধীনতা নেই।

আয়োজক সংগঠনের সভাপতি মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতা খন্দকার গোলাম মোর্ত্তুজা, জেবেল রহমান গানি, এম এম আমিনুর রহমান এবং গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Ads