সংসদে নিজের ভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়া ‘অন্তহীন প্রতারণা’: মিয়া গোলাম পরওয়ার
০৪ মে ২০২৬, ০৮:৫১ এএম
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশের ৭০ শতাংশ ভোটার জুলাই সনদে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতকে খারিজ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (৩ মে) বিকেলে রাজধানীর আইডিইবি মিলনায়তনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে গোলাম পরওয়ার বলেন, “শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী আপনি নিজেও নিশ্চয়ই ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যেহেতু আপনি নিজেই ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন। আজকে সংসদে দাঁড়িয়ে নিজের সেই ভোটের বিরুদ্ধেই আপনি অবস্থান নিচ্ছেন? নিজের রায়কে নিজে অমান্য করা তো এক ধরনের অন্তহীন প্রতারণা।
‘জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশন’-এর সমাপনী পর্বে ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ শীর্ষক আলোচনায় তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংবিধান সংস্কার নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেন।
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “বিদ্যমান রাজনৈতিক সংকট তৈরি করেছে বিএনপি সরকার, তাই এর নিরসনও সরকারকেই করতে হবে। বল এখন সরকারের কোর্টে, আপনাকেই সঠিক ‘শট’ নিতে হবে। সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে বা ‘রং পাস’ করলে ব্যাক পাসে বল উল্টো আপনাদের জালেই ঢুকে যেতে পারে।”
জাতীয় কনভেনশনে জামায়াত নেতৃবৃন্দ দেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকারকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সংস্কার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।




































