ঠাকুরগাঁওয়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদন্ড
১৩ মার্চ ২০২০, ০৩:৫০ পিএম
ছবি-প্রতিদিনের চিত্র
এক কিশোরীকে গণধর্ষনের দায়ে ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। পৃথক ধারায় অপহরণের দায়ে প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এ রায় প্রদান করেন। মামলার অভিযুক্ত আসামীরা হলো, জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মলিফত হোসেনের ছেলে মকিম উদ্দিন(৪৩), রঘুনাথপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে সুমন(৩৩) ও দৌলতপুর গ্রামের মকিম উদ্দিন(শুকনা)’র ছেলে আব্দুল মালেক(সানু) (৩২)।
মামলার অপর আসামী সখিনা বেগম মামলা চলাকালে মৃত্যু বরণ করায় তাকে এই মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। নিহত সখিনা বেগম(৪৮) পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের আবুল হোসেনে স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর বিকেলে দন্ডিত আসামী মকিম উদ্দিন রানীশংকৈল উপজেলার গোগর চৌড়াস্তা এলাকার রিকশা চালক মনতাজ আলী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে এমন সংবাদ দিয়ে তার বাসা হতে নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। ওই দিন রাতে পীরগঞ্জ উপজেলার জগথা এলাকায় জনৈকা সখিনা বেগমের বাসায় নিয়ে গিয়ে ওই আসামীসহ সহযোগিরা মেয়েটিকে দুইদিন যাবত পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় মেয়েটির মা লতিফা খাতুন বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর রানীশংকৈল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ভিক্টিকমে উদ্ধার করে ও আসামীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
তদন্ত শেষে ২০০৯ সালের ১৩ জানুয়ারি ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন দন্ডিত আসামী সহ ৪জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন।































