চট্টগ্রামের ১৭ থানার এলাকায় পুলিশের অভিযান, আটক ৪৪৫

ত্রিপন জয় ত্রিপুরা

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম


চট্টগ্রামের ১৭ থানার এলাকায় পুলিশের অভিযান, আটক ৪৪৫

ছবি: সংগৃহীত

কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করেছে জেলা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ এবং পরিত্যক্ত ও নির্জন স্থানে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালিয়ে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।

অভিযানে ৩৫৪ জন কিশোরকে থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। এ সময় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অপরদিকে, অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সন্তানরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়ি ফিরছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে বলা হয়েছে। পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি করতে এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

Ads