এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
দেশের কোনো এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা তদন্ত করে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
একই সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার সচিবালয় থেকে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে এসব নির্দেশনা দেন জ্বালানিমন্ত্রী।
বৈঠকে ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে বর্তমানে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কোনো কোনো এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
সরবরাহ স্বাভাবিক থাকার পরও বিভিন্ন এলাকায় এলপিজির সংকটের খবর কেন পাওয়া যাচ্ছে এবং কোথাও অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না—এসব বিষয়ে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এলপিজি আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে। কোনো এলাকায় সরবরাহে ঘাটতি পাওয়া গেলে সেখানে সরবরাহ বাড়ানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিইআরসি নির্ধারিত দামের বাইরে এলপিজি বিক্রি এবং কৃত্রিম সংকট তৈরির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলা প্রশাসকদের আরও সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেন জ্বালানিমন্ত্রী।



































