গফরগাঁওয়ে বহুল প্রত্যাশিত জয়ধরখালী ব্রিজ নির্মাণ শুরু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৬ পিএম


গফরগাঁওয়ে বহুল প্রত্যাশিত জয়ধরখালী ব্রিজ নির্মাণ শুরু

ছবি-প্রতিদিনের চিত্র

ময়মনসিংহের গফরগাঁওয়ে সুতিয়া নদীর উপর স্থানীয় মানুষের বহুল প্রত্যাশিত জয়ধরখালী ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে উপজেলার পাগলা থানাধীন পাইথল, নিগুয়ারী, দত্তেরবাজার, টাঙ্গাব ইউনিয়নের হাজারো মানুষ সহজে ভালুকা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাতায়াত করতে পারবেন। ব্রিজটি নির্মাণ হলে সুতিয়া নদীর দুই তীরে অবস্থিত গফরগাঁওয়ের পাইথল ও ভালুকা উপজেলার রাজৈর ইউনিয়নের মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইথল ইউনিয়নে সীমান্ত ঘেষা সুতিয়া নদীর এক পাশে গফরগাঁওয়ের জয়ধরখালী বাজার আর অন্য পাশে ভালুকা উপজেলার রাজৈর বাজার অবস্থিত। দুই পাড়ের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা খেয়া নৌকায় আসা-যাওয়া করতেন। নদীর দুই পারে দুটি বড় বাজার থাকলেও ব্রিজ না থাকায় যানবাহনের আনাগোনা তেমন নেই। ফলে প্রত্যাশিত অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় দুই পারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ যুগযুগ ধরে জয়ধর খালী সুতিয়া নদীর উপর একটি ব্রিজ প্রত্যাশা করছিলেন। অবশেষে ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যোগে ও প্রচেষ্টায়  সুতিয়া নদীর উপর জয়ধরখালী ব্রিজ নির্মাণ কাজ শুরু হলো।

সূত্র আরো জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৮৫ মিটার পিসি গার্ডার ব্রিজটি নির্মাণ হলে উপজেলার পাইথল, নিগুয়ারী, দত্তেরবাজার, টাঙ্গাব ইউনিয়নের হাজারো মানুষ বিকল্প পথে ভালুকা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাতায়াত করতে পারবেন। এ ব্যাপারে স্থানীয় পাইথল ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ঢালী বলেন, এই ব্রিজ নির্মাণ হলে জয়ধরখালী ও রাজৈর বাজারের ব্যবসায়ীরা ছাড়াও সুতিয়া নদীর দুই তীরের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে। এ ছাড়া পাইথল, নিগুয়ারী, দত্তেরবাজার, টাঙ্গাব ইউনিয়নের মানুষ বিকল্প পথে ভালুকা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাতায়াত করতে পারবেন।

Ads