এক ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কাঁপল ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা
০৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম
ছবি: সংগৃহীত
দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কম্পন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে ভূমিকম্পগুলো সংঘটিত হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়।
এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি হয়। এ ভূমিকম্পের কম্পনও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে বলে জানা গেছে।
দেড় ঘণ্টার মধ্যে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ায় বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে রাতের সময়ে কম্পন অনুভূত হওয়ায় অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন বলে জানা গেছে।
তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
































