সকালের ভোট শুরু হয়েছে ভোটের আগের রাতেই :রিজভী
২৫ এপ্রিল ২০১৬, ০৬:২৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ভোটের দিন সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে ভোট শুরু হয়ে যায় আগের রাতে। এছাড়া অন্যান্য ইউনিয়নগুলোতে কেন্দ্র দখল করে সরকারী দল জাল ভোটের মহোৎসব চালিয়েছে।
গত শনিবার দেশব্যাপী ইউপি নির্বাচনে সরকারী দলের ভোট কেন্দ্র দখলের প্রতিবাদে আজ সোমবার বিএনপির নয়াপল্টন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, তৃতীয় দফার নির্বাচনেও বিএনপির এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের ভোট প্রদানে বাধা, অস্ত্রের মহড়া, হামলা ও নিরুপায় প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল একই। জাল ভোট প্রদান ও অনিয়মের অভিযোগে ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আপনারা দেখেছেন-গুলি, বোমা বিস্ফোরণ, কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা লাইন ধরে নৌকা প্রতীকে সীল মারা, ব্যালট বাক্স ছিনতাই, জাল ভোটের মধ্য দিয়ে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন আওয়ামী শেষ করলো।
তিনি বলেন, এখন দেশজুড়ে চলছে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র তান্ডব। সারাদেশেই এখন বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট চলছে।




































