জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গিবাদ দমন সম্ভব : ফখরুল
০৮ অক্টোবর ২০১৫, ০৯:২৩ পিএম
রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ দমনে শুধু বাংলাদেশ কেন সারাবিশ্ব একত্ববদ্ধ। বাংলাদেশে এ বিষয়ে কোন দলকে অপরাজনীতি করতে দেয়া হবে না। জঙ্গিবাদ দমনে দলমত নির্বিশেষে সকলকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রাজধানী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। আর জাতীয় ঐক্যকে আরো শক্তিশালি করতে রাজনীতিবিদ, শিক্ষক, পেশাজীবী, বুদ্ধিজীবী ও আলেম-ওলামাদের সঙ্গে রাখার পরামর্শ দন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির সময় দেশে কোন জঙ্গিবাদের স্থান ছিল না। কেননা দেশের সকল শ্রেনীর মানুষ বিএনপির সাথে জঙ্গিবাদ দমনে একযোগে কাজ করেছিল। সেখানে দেশের আলেম-ওলামারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
জাতীয় ঐক্য কিভাবে গড়ে তোলা যেতে পারে- এমন প্রশ্নের জাবাবে মির্জা ফখরুল বলেন, সরকারী দল তথা আওয়ামী লীগকেই এর দায়িত্ব নিতে হবে। তাই জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কেননা তারা বর্তমান দেশ পরিচালনা করছে। জাতীয় ঐক্য গড়তে হলে আলেম-ওলামেদেরও সাথে রাখতে হবে।
পর পর দুই বিদেশি নগরিক হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের এক পক্ষের কথার সাথে অন্য পক্ষের কথার কোন মিল নেই। এভাবে চলতে থাকলে দেশে উগ্রপন্থিদের উত্থান তো ঘটবেই। কারণ তারা জঙ্গিবাদ নিয়ে অপরাজনীতি করছে।
তিনি সরকারকে হুঁশিয়ারি করে বলেন, জঙ্গিবাদ দমনের নামে সরকারকে অপরাজনীতি করতে দেয়া যায় না। এই বিষয়ে সারাবিশ্ব ঐক্যবদ্ধ। তাই জঙ্গিবাদ দমনে আমাদেরকেও জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এছাড়া বিকল্প কোন পথ নেই।
বিদেশি হত্যার সঙ্গে বিএনপি ও জামায়াত জড়িত- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য প্রতিক্রিয়ার ফখরুল বলেন, আগেও বলেছি, এখনও বলছি এই হত্যার সঙ্গে বিএনপি জড়িত নয়।
বেগম খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে ফখরুল বলেন, বেগম জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষ হলেই তিনি দেশে ফিরবেন।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।



































