দেশের স্বার্থে আপস করবে না বিএনপি: ফখরুল
০৩ অক্টোবর ২০১৬, ০৯:১৬ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। বিএনপি জনগণ ও দেশের স্বার্থে কোনো আপস করবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “বিএনপি জনস্বার্থে আপস করবে না এবং ভবিষ্যতে কাউকে করতেও দিবে না। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের পক্ষে রাজনীতি করে তাই জনবিরোধী যে কোনো প্রকল্প বাস্তবায়নে প্রতিরোধ করবে দলটি।”
মির্জা ফখরুল বলেন, “বর্তমান আওয়ামী সরকারের আমলে বিএনপির এক হাজার নেতাকর্মী নিহত, পাঁচ শতাধিক গুম ছাড়াও ৭৫ হাজার মামলায় প্রায় সাড়ে ৫ লাখ নেতাকর্মী বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এটাই বাস্তবতা। এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে বসে নেই বিএনপি। বরং জনমত সৃষ্টিতে জাতীয় স্বার্থে কাজ করে যাচ্ছে। চলমান সংকট নিরসনে জনগণকে সম্পৃক্ত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো আমরা।”
আজ সোমবার (০৩ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র: কারিগরি, অর্থনৈতিক এবং পরিবেশগত ত্রিমাত্রিক বিপত্তি’ শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব)।
রামপাল ইস্যুতে বিএনপি মহাসচিব বলেন, “বিদ্যুৎ প্রয়োজন, তাই বলে সুন্দরবনকে ধ্বংস করে নয়। শুধু রামপাল নয়, বর্তমান অবৈধ সরকার এ পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়েছে তার সবগুলো অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকা এবং ফের তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার উদ্দেশ্যে। কিছুদিন পর পর নতুন প্রকল্প হাতে নেয়ার মূল উদ্দেশ্য হলো দুর্নীতি ও অর্থ উপার্জন করা। কারণ বিনিয়োগ নেই, উন্নয়ন হবে কি করে? বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসছে না, এমনকি বাংলাদেশের বিনিয়োগকারীরাও বিদেশে চলে যাচ্ছে।”
মির্জা ফখরুল বলেন, “যে অঞ্চলে রামপাল, সেই খুলনার মানুষই এখনো এটা নিয়ে সচেতন নয়, আন্দোলন করার ব্যাপারে ততটা আগ্রহী নয়। তাই রামপাল ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন করতে প্রথমে জনমত সৃষ্টি করতে হবে। প্রয়োজনে ছোট ছোট সেমিনার, সভা এমনকি লিফলেট বিতরণ করা যেতে পারে।”
তিনি বলেন, “আজকে গোটা জাতি গভীর সংকটে। বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ বির্সজন দেয়া হচ্ছে। এমনকি ক্ষমতায় টিকে থাকতে এবং পুনরায় ক্ষমতায় যেতে কৌশল করছে। কৌশল হচ্ছে যারা তাদেও ক্ষমতায় আসতে সহায়তা করেছে তাদের স্বার্থ দেখা।”
ফখরুল বলেন, “আজকে বিএনপিকে খুব সহজেই দোষারোপ করা হয়, সমালোচনা করা হয়। তবে সমালোচনা করলে উপকৃত হই। কিন্তু সরকারের তেমন সমালোচনা করা হয় না।”
প্রকৌশলী আ ন ম আখতার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, ঢাবি প্রফেসর ড. আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরি এস ইসলাম, ড. সুকোমল বড়ুয়া, হাবিবুর রহমান হাবিব, শিক্ষা সম্পাদক ড. এবি এম ওবায়দুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।




































