আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর লীলাভূমিতে পরিণত হবে বাংলাদেশ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৫ পিএম


আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর লীলাভূমিতে পরিণত হবে বাংলাদেশ

প্রতিদিনের চিত্র ডেস্ক :: জেমস ক্ল্যাপারের বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার যেভাবে দেশকে ইরাক-সিরিয়া-ফিলিস্তিনের দিকে ঠেলে দিচ্ছে তাতে বাংলাদেশ আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর লীলাভূমিতে পরিণত হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক প্রতিবাদ সভার আয়োজন করে দেশনেত্রী পরিষদ নামের একটি সংগঠন।

জেমস ক্ল্যাপার বাংলাদেশ প্রসঙ্গে বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে দমন করায় দেশটিতে বহুজাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেতে পারে।

আওয়ামী লীগের মন্ত্রীরা সরকারী কোষাগার থেকে যে বেতন নেন, তা শুধু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করার কাজে ব্যয় হয়- এমন মন্তব্য করে হাফিজ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তীতুল্য নেত্রী। তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বলে পরিচয় করিয়ে দেয়ারও প্রয়োজন নেই।

তিনি বিএনপির সঙ্কটকালীন সময়ে সংগঠনটির হাল ধরেছিলেন এবং জনগণ তিনবার তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। সেই আপোষহীন নেত্রীকে নিয়ে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের এই ষড়যন্ত্র একেবারেই মূল্যহীন।

মেজর হাফিজ বলেন, তিনি কখনোই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেননি। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা পরিহাস ছাড়া আর কিছুই না।

এসময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, কাউন্সিলের পরে বিএনপি নতুন উদ্যমে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবে।

Ads