ব্রাজিল বধের ছক কষছে জাপান, বিশ্ব চ্যাম্পিয়নদের হুঙ্কার দিলেন মোরিয়াসু

স্পোর্টস ডেস্ক

২৬ জুন ২০২৬, ১২:১৩ পিএম


ব্রাজিল বধের ছক কষছে জাপান, বিশ্ব চ্যাম্পিয়নদের হুঙ্কার দিলেন মোরিয়াসু


বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পর এশিয়ান পরাশক্তি জাপানের সামনে এখন সবচেয়ে কঠিন সমীকরণ। শেষ বত্রিশের ব্লকবাস্টার ম্যাচে ব্লু সামুরাইদের মুখোমুখি হতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে সেলেসাওদের নামের ভারে মোটেও ভড়কে যেতে রাজি নয় জাপান। বরং বিশ্বমঞ্চে ব্রাজিলকে হারিয়ে দেওয়ার স্পষ্ট হুঙ্কারই দিয়ে রাখলেন জাপানি কোচ হাজিমে মোরিয়াসু।

ডালাসে শুক্রবার ভোরে সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে জাপান। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ পা রেখেছে ব্রাজিল। আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের মাঠে শেষ ষোলোয় ওঠার মহালড়াইয়ে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।

ব্রাজিল বধের জন্য জাপানকে সবচেয়ে বড় আত্মবিশ্বাস জোগাচ্ছে তাদের সাম্প্রতিক অতীত পারফরম্যান্স। গত বছরের অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিল এই এশিয়ান জায়ান্টরা। বিশ্বকাপের মহামঞ্চেও সেই ঐতিহাসিক জয়কে মূল অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান মোরিয়াসু।

হাইভোল্টেজ ব্রাজিল ম্যাচকে সামনে রেখে মোরিয়াসু তার দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, "সবশেষ ম্যাচে আমরা ব্রাজিলকে দেখিয়েছি, আমরা সহজে হার মানার মতো দল নই। সেই জয়টি আমাদের ফুটবলের জন্য অনেক বড় অগ্রগতি ছিল। ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং আমরা তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তবে মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কী ঘটবে তা আমরা কেউই জানি না; আমার বিশ্বাস, ম্যাচে আমাদেরও জেতার সমান সুযোগ থাকবে।"

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমে লিড নিয়েও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি জাপান। দাইজেন মায়েদার গোলের ঠিক ৬ মিনিট পরই গোল হজম করতে হয় তাদের। যার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্লু সামুরাইদের। তবে এই ড্র নিয়ে কোনো আক্ষেপ নেই জাপানি কোচের।

এশিয়ান ফুটবলকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিতে পারায় তৃপ্ত মোরিয়াসু বলেন, "আমরা একটি গোল হজম করেছি এবং ফুটবলের মাঠে এমনটা হয়েই থাকে। টুর্নামেন্টের শুরু থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল নকআউট পর্বে পা রাখা। আমরা সেটি সফলভাবে করতে পেরেছি এবং এটি জাপানি ফুটবলের ধারাবাহিক উন্নতির এক বড় প্রমাণ।"

Ads