আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও স্বস্তি ফিরেছে ক্রেতাদের জন্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। নতুন দামে ভ্যাটসহ এক ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা।



































