আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,২১৬ টাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ছবি: সংগৃহীত
টানা তিন দফায় মোট ৬ হাজার ৬৫ টাকা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে গহনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ভ্যাটসহ এখন প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ টাকা এবং ২৯ সেপ্টেম্বর আরও ২ হাজার ২১৬ টাকা কমানো হয়।
অর্থাৎ টানা তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছিল।
সর্বশেষ ২৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। বুধবার ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর ফলে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
ভ্যাটসহ প্রতি ভরি রুপার নতুন দাম হলো—
২২ ক্যারেট: ৪ হাজার ৩১৬ টাকা
২১ ক্যারেট: ৪ হাজার ১৪১ টাকা
১৮ ক্যারেট: ৩ হাজার ৫৫৮ টাকা
সনাতন পদ্ধতি: ২ হাজার ৬৮৩ টাকা



































