ফিলিস্তিনিদের রক্তে রাঙানো সেই ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে বিএনপি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ মে ২০১৬, ০৫:২৬ পিএম


ফিলিস্তিনিদের রক্তে রাঙানো সেই ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে বিএনপি

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ফিলিস্তিনির নারী, শিশুদের রক্তে যাদের হাত রাঙানো সেই ইসরায়েলের সঙ্গে বিএনপি এখন হাত মেলাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ৭৫ এর ১৫ই আগষ্ট পরবর্তী সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, একই দিনে পরিবারের সবাইকে হারিয়ে আমরা যখন এতিম, তখন প্রবাসীরাই প্রথম আমাদের পাশে দাড়িয়েছিলেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রী প্রায় ৪৫ মিনিট বক্তৃতায় আরো বলেন, চক্রান্তকারী, খুনি, ষডযন্ত্রকারী, ইসলামকে ধ্বংসের জন্যও চক্রান্তে লিপ্ত, তাদের সাথে হাত মেলাচ্ছে বিএনপি।

তারা বাংলাদেশকে চায় না, তারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝে না । ক্ষমতায় থেকে লুটপাট করেছে । যুদ্ধপরাধীদের বিচার হচ্ছে, সেটাও তাদের ভালো লাগছেনা। যারা যুদ্ধপরাধীদের সহায়তা করেছে, তাদের হাতে যারা পতাকা তুলে দিয়েছে তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের নারী পুরুষের রক্তে রাঙানো মানুষের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি শুধুমাত্র ক্ষমতার লোভে সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদশে এগিয়ে চলেছে, সেই যাত্রাকে থামাতে নানা রকম ষড়যন্ত্র চলছে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে জিয়াউর রহমান পূর্ণবাসন করেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আসলে রতনে রতন চিনে। ফিলিস্তিনির নারী শিশুর রক্তে যাদের হাত সব সময়ই রঞ্জিত হয়, তাদেরকে নিয়ে ক্ষমতার লোভে এরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।

দেশের সাম্প্রতিক উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৩ লাখ কোটি টাকার বাজেট দিচ্ছি আমরা আসন্ন বাজেট অধিবেশনে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট। বাংলাদেশে একজন লোকও গৃহহারা থাকবেন না। বর্তমানে ২ লাখ ৮০ হাজার ছিন্নমূল জনগোষ্ঠীকে অন্তত একটি করে টিনের ঘর তৈরি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার স্বপ্ন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন অল ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাসগুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সামসুদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারোজ্জামান চৌধুরীসহ আরো অনেকে।

Ads