হান্নান শাহকে খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০১৬, ০৪:৩৬ পিএম


হান্নান শাহকে খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসায় গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে হান্নান শাহের বাসায় যান খালেদা জিয়া। এ সময় হান্নান শাহের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। হান্নান শাহের মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান বিএনপির চেয়ারপারসন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতা ও ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।

মঙ্গলবার মৃত্যু সংবাদের খবর পেয়ে সকাল ৯টায় মহাখালীর ডিওএইচএস’র বাসায় ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি শোকাগ্রস্ত বড় ছেলে শাহ রেজাউল হান্নানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এরআগে মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৩টা ৩৭ মিনিটে রাইফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির দূর্দিনের কাণ্ডারী হান্নান শাহ। বিএনপির সর্বোচ্চ দলীয় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ চারদলীয় জোট সরকারের আমলে মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। সাবেক এই সেনা কর্মকর্তা চাকরি জীবন শেষে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মহাখালী ডিওএইচএস মসজিদ, ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং বেলা দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে হান্নান শাহের জানাজা। আগামী শুক্রবার গাজীপুর সদর ও কাপাসিয়া উপজেলায় আরো দুটি জানাজা শেষে কাপাসিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

Ads