দেশে বিভেদের রাজনীতিকে উসকে দিচ্ছেন ইনু : রিপন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ নভেম্বর ২০১৫, ০২:৩৬ এএম


দেশে বিভেদের রাজনীতিকে উসকে দিচ্ছেন ইনু : রিপন

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ক্ষমতার হালুয়া রুটির লোভে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিচ্ছেন।

আজ (বুধবার) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মন্ত্রীত্ব টিকিয়ে রাখতে দেশে বিভেদের রাজনীতিকে ইনুরা উসকে দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে ইনুর জামানত বাজেয়াপ্ত হবে এটা সবাই জানে। কিন্তু প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখতে ও নিজের মন্ত্রীত্ব রক্ষা করতে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিরুপ মন্তব্য করে যাচ্ছেন। খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে তারা যে নিম্নরুচির বক্তব্য প্রদান করছেন তার তীব্র নিন্দা জানান রিপন।

তিনি বলেন, দোষারোপ ও গ্রেফতারের রাজনীতি দিয়ে দেশের চলমান সংকট উত্তরণ করা যাবে না। সংকট সমাধানে সুশীল সমাজ ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনায় বসে এর সমাধান করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা জানিয়ে আটক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন রিপন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক অাবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

Ads