দীর্ঘ সাড়ে ৭ বছর পর দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ভোট যুদ্ধ
০১ ডিসেম্বর ২০১৫, ০৭:০৭ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পৌর নির্বাচনকে। দীর্ঘ সাড়ে ৭ বছর পর দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ভোট যুদ্ধে নামতে যাচ্ছে দলটি। নির্বাচনে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের অন্যতম উপায় বলে মনে করছে দলের নেতারা।
নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০০৮ সালে সবশেষ বিএনপি দলীয় প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেয়।
পৌর নির্বাচনে সবগুলো আসনে বিএনপি একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। বিএনপির একক প্রার্থীদের সমর্থন দেবে জোটের শরিকরা। আর যেসব আসনে শরিকদের শক্ত প্রার্থী রয়েছে, সেরকম কিছু জায়গায় শরিকদের ছাড় দেয়ার কথা ভাবা হচ্ছে।
সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে। সম্ভাব্য প্রার্থী তালিকা যাচাই-বাছাই করছেন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া।
বিএনপি পৌর নির্বাচনে যাদের মনোয়ন দেবে তাদের মনোনয়ন প্রত্যয়নের দেয়ার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে নাকি সিটি নির্বাচনের মতো বর্জন করবে সেটাই আওয়ামী লীগের সন্দেহ।
নির্বাচনে অংশ নেয়ার যুক্তি হিসেবে বিএনপি নেতাকর্মীরা মনে করে, পৌর নির্বাচনকে ঘিরে তাদের ইউ টার্ন নেওয়ার সুযোগ রয়েছে। এতে পুনর্গঠন কার্যক্রম ত্বরান্বিত হবে। আর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ব্যাহত হলে তাতেও প্রমাণ হবে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
পৌর নির্বাচন প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করবে। এটাই আমাদের নির্বাচনী প্রতীক। আমরা প্রত্যেকটি এলাকায় একজন করে মনোনয়ন পত্র জামাদানের সিদ্ধান্ত নিয়েছি।


































