আজ মঙ্গলবার মধ্যরাতে প্রচারণা শেষ
২০ ডিসেম্বর ২০১৬, ০৫:০৬ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আগামী বৃহস্পতিবার। এলক্ষ্যে আজ মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার-প্রচারণা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে গতকাল সোমবার মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে অন্য এলাকার বাসিন্দাদের নারায়ণগঞ্জ ত্যাগ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। থাকছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রার্থী ও তাদের সমর্থকদের যেকোনো নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে। সে কারণে আজ (২০ ডিসেম্বর) মঙ্গলবার মধ্যরাত ১২টার পরেই সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে।
শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিনভর নগরীর অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। এ ছাড়া প্রচারণার শেষ মুহূর্তে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এবারই প্রথম দলীয় প্রতীক নৌকা ও ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। আইভীর প্রতীক নৌকা এবং সাখাওয়াতের ধানের শীষ। অন্য মেয়র প্রার্থীরাও প্রচারণা চালাচ্ছেন।
এদিকে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন অর্ধশত কাউন্সিলর প্রার্থী। বিত্তশালী প্রার্থীরা ভোট কিনতে ভোটারদের বাড়ি বাড়ি ধরনা দিচ্ছেন। নগদ অর্থ ছাড়াও ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে শাড়ি, লুঙ্গি, টি-শার্ট, থ্রিপিসসহ বিভিন্ন উপহারসামগ্রী। অন্যদিকে নারায়ণগঞ্জে শতাধিক সন্ত্রাসীর হাতে থাকা সহস্রাধিক অবৈধ অস্ত্র নিয়ে শঙ্কায় রয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বিএনপির মেয়র প্রার্থীও এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল ঢাকা থেকে এ নির্বাচনের ব্যালট পেপার নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইন-শৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেলের উপসচিব ফরহাদ উদ্দিন বলেন, এবার নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৬০০ সদস্য মাঠে থাকবে। ১৩৭টি কেন্দ্রের তালিকা পাওয়ার পর এগুলোকে বিশেষ বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যে কোনো সময় ‘পরিস্থিতি বদলে যেতে পারে’ তা মাথায় রেখে ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে টহল জোরদার করা হবে বলে।


































