ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ জানুয়ারি ২০১৭, ০৫:৫৯ পিএম


ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২০১৪ সালে ঘোষিত ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ১৫ অক্টোবর। বর্তমান এ কমিটিই সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে কেক কাটা হয়। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথি থাকবেন বলে জানান ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনেই ছাত্রদলের নেতাকর্মীরা মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন। এ দাবি জানিয়ে সম্প্রতি ৪১ জন কেন্দ্রীয় নেতা নয়াপল্টনের কার্যালয়ে ছাত্রদলের কক্ষে বৈঠকও করেন। এছাড়াও নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে নানাভাবে জানান দিচ্ছেন সংগঠনের নেতারা।

সংগঠন সূত্রে জানা যায়, ছাত্রদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও সিনিয়র সহসভাপতি মামুনূর রশীদ মামুন সংগঠনের শীর্ষপদে থাকতে আগ্রহী। আরও কিছু নেতা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আলমগীর হোসেন সোহান, আসাদুজ্জামান আসাদ, মফিজুর রহমান আশিক, আবু আতিক আল হাসান মিন্টু, বায়েজিদ আরেফিন, আবদুর রহিম হাওলাদার সেতু, কাজী মোক্তার হোসেন, গোলাম মোস্তফা, মিয়া রাসেল, মিজানুর রহমান সোহাগ, ইখতিয়ার কবির, মামুন বিল্লাহ, মিনহাজুল ইসলাম ও সৈয়দ মাহমুদ। শীর্ষপদের জন্য আরও লড়ছেন জাকির হোসেন খান, মুকিতুল হাসান রঞ্জু, আবুল হাসান, মেহবুব মাছুম শান্ত, মির্জা ইয়াছিন আলী ও হাসানুল বান্না।

ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান বলেন, যেহেতু বর্তমান কমিটির মেয়াদ পার হয়েছে। তাই সংগঠনের সবার মধ্যেই নতুন কমিটির একটা দাবি আছে। এটা থাকা তো স্বাভাবিক। পদপ্রত্যাশী নেতাকর্মীরা জানান, কোনো ধরনের অনাহূত ঘটনা ঘটার আগেই যেন ছাত্রদলের কমিটি গঠন করা হয়। সেজন্য তারা প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে উপযুক্ত মনে করছেন। যারা বর্তমান কমিটি থেকে বাদ পড়বেন তাদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দিতে হবে।

যেহেতু বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক পদ এখনও ফাঁকা রাখা রয়েছে। সেখানে রাজিব আহসান ও আকরামুল হাসানকে দায়িত্ব দিতে হবে। নতুন কমিটিতে যাদের দায়িত্ব দেয়া হবে, তাদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কারণ বর্তমান কমিটি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। যার কারণে বিগত সময়ে বর্তমান কমিটি সারা দেশে কোনো কার্যকর কর্মসূচি পালন করতে পারেনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর আরও কর্মসূচি : ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০টায় শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আজ সারা দেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা কলেজ ও পৌরসভায় সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হবে। সংগঠনের বর্তমান সভাপতি ও সম্পাদক উল্লিখিত কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়েছেন।

Ads