নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির খাগড়াছড়ি প্রার্থী মনজিলা ঝুমা
২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। রবিবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে মনজিলা ঝুমা লেখেন, এনসিপি প্রাথমিকভাবে যে ১২৫টি আসনে মনোনয়ন দিয়েছিল, তার মধ্যে খাগড়াছড়ি–২৯৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে তাকে মনোনীত করা হয়েছিল। গত ২৪ ডিসেম্বর তার পক্ষে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র উত্তোলন করেন। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
তিনি আরও জানান, প্রায় দুই ঘণ্টা আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে নিজের সিদ্ধান্ত অবহিত করেছেন এবং নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন।
পোস্টের শেষাংশে মনজিলা ঝুমা উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন তরুণরা একদিন সংসদে যাবে- আজ না হোক, কাল।
উল্লেখ্য, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।



































