বিএনপি চেয়ারপারসন এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ নভেম্বর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ অক্টোবর ২০১৫, ০৫:১১ পিএম


বিএনপি চেয়ারপারসন এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৫ নভেম্বর

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ধর্মীয় উস্কানির অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

আজ (বুধবার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ফের প্রতিবেদন দাখিলের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য তিনি আওয়ামী লীগের কটূক্তিপূর্ণ সমালোচনা করেন।

বেগম জিয়া তার বক্তৃতার একপর্যায়ে বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরা এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।

এ বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়া শাস্তিযোগ্য অপরাধ করেছেন উল্লেখ করে ২০১৪ সালের ২১ অক্টোবর ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে নালিশি মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

২০১৪ সালের ২১ অক্টোবর আদালত মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শাহবাগ থানার একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

Ads