যেকোনো সময় দেশে কিছু ঘটতে পারে : এমাজউদ্দীন
০৫ নভেম্বর ২০১৫, ০৯:০৫ পিএম
নিজস্ব প্রতিবেদক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজউদ্দীন আহমদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশের সামাজিক শক্তি বিভক্ত হওয়ায় যেকোনো সময় যে কেউ খুন হতে পারে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এমাজউদ্দীন আহমদ বলেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি সামাজিক প্রতিষ্ঠান আজ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যার কারণেই যেকোনো সময় যে কেউ যে কোন স্থানেই খুন হতে পারে।
তিনি বলেন, দেশে গণতন্ত্রের কঠিন সংকট চলছে। এমন সংকটময় সময় ৪৪ বছর আগে একবার শুধু দেখেছিলাম। এই সংকটকে চিরতরে অবসান হওয়া উচিত।
নির্বাচনকে বিএনপি ভয় পায় না উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা-হামলা দিয়ে গ্রেফতার করে জেলে আবদ্ধ করে সরকার যে নির্বাচনের পরিকল্পনা করছে তা প্রহসনে পরিণত হবে।
সরকার বিরোধী দলের যাদের বিপজ্জনক মনে করছে শুধু তাদেরকেই গ্রেফতার করছে দাবি করে তিনি বলেন, অহেতুক বিনা কারণে যেকোনো সময় যে কোন ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাসানী সমর্থক পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।



































