প্রতিষ্ঠাবার্ষিকীতে এরশাদের টার্গেট ১০ লাখ মানুষ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৬, ০৫:৪২ পিএম


প্রতিষ্ঠাবার্ষিকীতে এরশাদের টার্গেট ১০ লাখ মানুষ

আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে ১০ লাখ মানুষের সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শেষ জীবনে এসে এ সমাবেশকে সর্বকালের ইতিহাস করতে চাচ্ছেন তিনি।

দলের মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপিকে বিশেষ ভূমিকা রাখতে নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। দলটির নীতিনির্ধারণী ফোরামের অধিকাংশ নেতা এ কথা জানান।

এদিকে, মহাসমাবেশকে সফল করতে আগামীতে রাজধানী ছাড়াও সারাদেশ থেকে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় নেতা, বিভাগীয় শহর, জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন কমিটিকে আগাম চিঠি দিচ্ছেন জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তার নির্দেশে সমাবেশের সব কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জাপার সিনিয়র নেতারা। সমাবেশের আগাম প্রস্তুতি  নেয়ার জন্য সার্বিকভাবে বিরোধী দলীয় নেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর সভাপতি সৈদয় আবু হোসেন বাবলা এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, সাহিদুর রহমান টেপা, অধ্যাপক দেলোয়ার হোসেন, মীর আবদুর সবুর আসুদ, এসএম ফয়সল চিশতী, ভাইস চেয়ারমান অধ্যাপক ইকবাল হোসেন রাজুকে আগাম দায়িত্ব দেন এরশাদ। তার নির্দেশ পেয়ে নেতারা এখন রাত-দিন মাঠে থেকে কাজ করে যাচ্ছেন।

এদিকে জাপার প্রতিষ্ঠাবার্ষিকীর আগাম প্রস্তুতি নিতে গত সপ্তাহে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে কদমতলি থানা জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের এক যৌথ সভার আয়োজন করা হয়। সভায় দলের মহাসমাবেশ সফল করার জন্য অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রতিটি ওয়ার্ডের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর জাপার দক্ষিণের সাংগঠনিক সুজন দেকে। তার সঙ্গে আরো যারা থাকবেন তারা হচ্ছেন শেখ মাসুক রহমান, শামসুজ্জামান কাজল, সুলতানা আহমেদ লিপি, মাইনুদ্দিন বাবু, রইস উদ্দিন, মো. স্বাধীন।

অপরদিকে সমাবেশে উপস্থিতি থাকতে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম পরিষদ, উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সব সদস্য, দলের ৪০ এমপি ও ৭৫টি বিভাগীয় সাংগঠনিক নেতাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য ইতিমধ্যে চিঠি প্রস্তুতির কাজ শুরু করেছেন এরশাদ। আগামী কয়েক দিনের মধ্যে তার স্বাক্ষরিত চিঠি নেতাদের কাছে ডাক, কুরিয়ার বা পিয়ন মারফত পাঠানো হবে বলে জানিয়েছেন বনানী চেয়ারম্যান কার্যালয়ের এক কর্মকর্তা।

সমাবেশের সময় এখনো অনেক দিন বাকি থাকলেও বেশ আগেভাগেই প্রস্তুতি নিতে যাচ্ছেন জাপা চেয়ারম্যান। এরশাদের এক ঘনিষ্ঠ সূত্র এ কথা জানিয়েছেন । সূত্রটি জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রগতিশীল সংগঠন, বুদ্ধিজীবী, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন ও মুক্তিযোদ্ধা সংগঠনের শীর্ষ ব্যক্তিদের দাওয়াত দেয়া হবে। এছাড়া এশিয়ার বেশ কয়েকটি দেশের রাজনৈতিক দলের ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি দাওয়াত দেয়া হবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের।

২০১৭ সালের জাপার প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী ও জাপার সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

Ads