শুধু গভর্নর নয়, সরকারের পদত্যাগ করা উচিত
১৫ মার্চ ২০১৬, ০৫:৫৮ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শুধু ব্যাংকটির গভর্নরই নয়, সরকারেরও পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। এ ঘটনায় সরকারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কেউই দায় এড়াতে পারেন না বলেও মনে করেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দলের ৬ষ্ঠ কাউন্সিলের ভ্যেনু সরেজমিনে দেখতে হান্নান শাহ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে যান।
হান্নান শাহ জানান, দলের কাউন্সিলের প্রথম অধিবেশন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তন এবং সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে হবে। দ্বিতীয় অধিবেশন গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে করতে চান তারা। তবে এ ব্যাপারে এখনো কর্তৃপক্ষের অনুমতি পাননি বলে জানান বিএনপির এই নেতা।
কাউন্সিল করতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন হান্নান শাহ।



































